শনিবার । মার্চ ২১, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৪:০৬ অপরাহ্ন
শেয়ার

প্রথমবার ভোট দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন অভিনেত্রী আইশা খানের


ayesha khanদেশজুড়ে চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজে শামিল হয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও। এই উৎসবমুখর পরিবেশে জীবনের প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আইশা খান। ঢাকা-১০ আসনের এই ভোটার আজ সকালে নিজের কেন্দ্রে উপস্থিত হয়ে নাগরিক অধিকার আদায় করেন।

প্রথমবার ভোট দেওয়ার পর উচ্ছ্বসিত আইশা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, “বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার কর্তব্য পালন করলাম।” একইসঙ্গে তিনি হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে তাঁর ভক্ত ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

আইশা খানের কাছে এই ভোট প্রদান কেবল একটি আইনি অধিকার নয় বরং এর সঙ্গে জড়িয়ে আছে আগামীর সুন্দর বাংলাদেশের বিশাল এক প্রত্যাশা। ভোট পরবর্তী প্রতিক্রিয়া জানিয়ে এই অভিনেত্রী বলেন, যারা নির্বাচিত হবেন, তারা যেন ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে একযোগে কাজ করেন। বিশেষ করে রাষ্ট্র সংস্কারের যে কাজগুলো বর্তমানে সবচেয়ে বেশি জরুরি, সেগুলোর প্রতি জনপ্রতিনিধিদের সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন বলে তিনি মনে করেন। প্রতিবছর দেশের সাধারণ মানুষ যেসব সমস্যার মুখোমুখি হন, সেগুলোর কোনো সাময়িক সমাধান নয় বরং টেকসই সমাধানের জন্য কাজ করার অনুরোধ জানান তিনি।

দেশের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন নিশ্চিত করাকে সময়ের দাবি হিসেবে উল্লেখ করে আইশা আরও বলেন, জনগণের ভোটে জয়ী হয়ে যারা সংসদে যাবেন, তাদের প্রধান লক্ষ্য হতে হবে একটি বৈষম্যহীন সমাজ গঠন করা। সবশেষে তিনি তাঁর স্বপ্নের বাংলাদেশের চিত্র তুলে ধরে বলেন, এমন একটি দেশের প্রত্যাশা করি যেখানে সব ধরনের ভেদাভেদ ভুলে মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। আইশা খানের মতো তরুণ প্রজন্মের এমন সচেতন অংশগ্রহণ ও ইতিবাচক ভাবনা নির্বাচনী পরিবেশে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।