ভোট দিয়ে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তিনু করিম। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বরিশালে নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগের পর বাসায় ফিরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বরেণ্য এই অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু এবং অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
পারিবারিক ও সহকর্মী সূত্রে জানা গেছে, গত নভেম্বরের শেষ দিকে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনু করিম। ৩ ডিসেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল। দীর্ঘ লড়াই শেষে সুস্থ হয়ে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তিনি বরিশালের নিজ বাড়িতে ফিরে যান। আজ দেশের এই গণতান্ত্রিক উৎসবে অংশ নিতে সকালে তিনি কেন্দ্রে গিয়ে ভোট দেন। কিন্তু ভোট দিয়ে বাসায় ফেরার পরপরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং শেষ বিদায় নেন।
রাশেদ মামুন অপু ফেসবুকে শোক প্রকাশ করে লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু তিনু করিম সুস্থ হয়ে বাড়ি গেল, আজ ভোট দিয়ে বাসায় আসার পরপরই চলে গেল। তোর সুস্থতার জন্য আমাদের সবার মিলিত যুদ্ধটা যখন উদযাপন করব ভাবলাম, সেই সুযোগটাই তুই দিলি না বন্ধু।” মৃত্যুকালে তিনি স্ত্রী হুমায়রা নওশিন ও ১১ বছর বয়সী এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে তাঁর ছোট পর্দায় অভিষেক ঘটে। এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’র মতো জনপ্রিয় চলচ্চিত্র এবং ‘অপেক্ষা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায়ও নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করা এই গুণী অভিনেতার অকাল প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।











































