ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে বইছে উৎসবের হাওয়া। এই গণতান্ত্রিক উৎসবে সাধারণ মানুষের কাতারেই শামিল হয়েছেন দেশের নামী ক্রীড়াবিদ ও তারকারা। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা-৯ আসনের দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুলে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
সন্তানদের সঙ্গে নিয়ে ভোট দেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, “সন্তানদের সঙ্গে নিয়ে আজ ভোট দিলাম। দায়িত্ববোধ শেখানো শুরু হওয়া উচিত ঘর থেকেই।” তাঁর এই উদ্যোগ তরুণ প্রজন্মের ভোটারদের মাঝে বেশ প্রশংসিত হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম-৯ আসনে জীবনের প্রথম ভোট দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেনা প্রটোকলে কেন্দ্রে গিয়ে তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন এবং সুষ্ঠু পরিবেশের জন্য সন্তোষ প্রকাশ করেন।
কুমিল্লার একটি কেন্দ্রে ভোট দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, বিসিবি পরিচালক ও সাবেক ক্রিকেটার আসিফ আকবর। সংগীত ও খেলার মাঠের এই পরিচিত মুখ নিজের এলাকায় স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নাগরিক দায়িত্ব পালন করেন।
ক্রীড়াঙ্গনের নবীন তারকাদের মধ্যেও দেখা গেছে ভোটের আমেজ। জাতীয় নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার নিজ এলাকা থেকে এবারই প্রথমবার জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন। নীলফামারীর এই তরুণী পেসার প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতাকে স্মরণীয় হিসেবে অভিহিত করেন। মাঠের লড়াইয়ে অভ্যস্ত এই তারকাদের ভোটকেন্দ্রে উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যেও বাড়তি অনুপ্রেরণা ও উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে।











































