শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২৩ অপরাহ্ন
শেয়ার

চট্টগ্রামে প্রথম ভোট দিলেন দেশসেরা ওপেনার তামিম


tamimদেশজুড়ে চলমান নির্বাচনী উৎসবের আমেজে শামিল হয়ে জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকার চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (আরপ্যাটি) বুথে তিনি নিজের গণতান্ত্রিক অধিকার আদায় করেন। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের এই ভোটার তাঁর বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে সঙ্গে নিয়ে কেন্দ্রে উপস্থিত হন।

নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর বিশেষ প্রটোকলে তামিম ইকবালকে ভোটকেন্দ্রে নিয়ে আসা হয়। গাড়ি থেকে নেমে তিনি সরাসরি ভোটকক্ষে প্রবেশ করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ করেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম ইকবাল তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “জীবনের প্রথম ভোট দিলাম, অনুভূতি অন্যরকম। পরিবেশ খুবই ভালো লাগছে এবং ভোট দেওয়ার প্রক্রিয়াটিও ছিল অত্যন্ত সহজ। আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।” দেশের বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আশা ব্যক্ত করেন যে, সবাই এমন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে ভোট দেবেন।

সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. এয়াছিন জানান, তারকা এই ক্রিকেটারের ভোট প্রদানসহ পুরো প্রক্রিয়াটি অত্যন্ত শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সাথে সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কেন্দ্রটিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি।

ভোটাধিকার প্রয়োগ শেষে সেনাবাহিনীর একই প্রটোকলে কেন্দ্র ত্যাগ করেন এই ক্রিকেট তারকা। তামিমের মতো জনপ্রিয় ব্যক্তিত্বের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাধারণ ভোটারদের মাঝেও বাড়তি উৎসাহ জুগিয়েছে।