রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৪:০৩ অপরাহ্ন
শেয়ার

ইরানে গণতন্ত্র ফেরাতে প্রস্তুত রেজা পাহলভি


Reza

রেজা পাহলভি একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ার ঘোষণা দিয়েছেন

ইরানের রাজতন্ত্রের প্রতীক ও ক্ষমতাচ্যুত শাহর ছেলে রেজা পাহলভি দেশটিতে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ার ঘোষণা দিয়েছেন। গতকাল জার্মানির মিউনিখে প্রায় দুই লাখ সমর্থকের এক বিশাল সমাবেশে তিনি এই আগ্রহ প্রকাশ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ক্ষমতার পরিবর্তনই সবচেয়ে ভালো উপায় বলার পরপরই পাহলভির এই মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সমাবেশে রেজা পাহলভি বলেন যে তিনি ইরানে রূপান্তরের নেতা হিসেবে ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রে নির্বাসিত থাকা এই নেতা জানান, ব্যালট বাক্সের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় দেশের ভাগ্য নির্ধারণের সুযোগ করে দেওয়াই তার মূল লক্ষ্য। মিউনিখের এই সমাবেশে তার সমর্থকরা রাজতন্ত্রের প্রতীক সংবলিত পতাকা উড়িয়ে ‘শাহ দীর্ঘজীবী হোক’ স্লোগান দিয়ে তাকে অভিবাদন জানান।

পাহলভির এই ঘোষণা এমন এক সময়ে এল যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা চলছে। আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে ওমান আগামী সপ্তাহে জেনেভায় নতুন দফা বৈঠকের আয়োজন করতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। এই কূটনৈতিক আবহের মধ্যেই দীর্ঘ কয়েক দশক পর ইরানের শাসনব্যবস্থায় নিজের নেতৃত্বের দাবি জোরালোভাবে তুলে ধরলেন রেজা পাহলভি।