রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শেয়ার

বিদায়বেলায় জাতিকে যে নসিহত করে গেলেন ড. ইউনূস


younus

ফাইল ছবি

১৮ মাসের দায়িত্ব পালন শেষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এক আবেগঘন ও দিকনির্দেশনামূলক নসিহত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করে বলেন, অতীতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতিকে উৎসাহিত করা হয়েছিল, তা আমাদের জাতীয় বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করেছে। নতুন বাংলাদেশকে সেই অন্ধকার পথ থেকে বেরিয়ে এসে নিয়ম মানা এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করার প্রতিজ্ঞা করতে হবে।

ড. ইউনূস দেশবাসীকে এমন একটি বাংলাদেশ গড়ার আহ্বান জানান যেখানে সম্ভাবনা হবে সীমাহীন এবং স্বপ্নের কোনো সীমানা থাকবে না। তিনি গত ১৮ মাসে অর্জিত বাক-স্বাধীনতা, ক্ষমতাকে প্রশ্ন করার সাহস এবং জবাবদিহিতার চর্চাকে সমুন্নত রাখার ওপর বিশেষ জোর দেন। তাঁর মতে, এই গণতান্ত্রিক ধারা যেন কোনোভাবেই হাতছাড়া না হয়, সেজন্য দেশের সকল রাজনৈতিক পক্ষকে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে আগামী দিনগুলোতে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে।

সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সারাদেশে ভোটের যে উৎসবমুখর পরিবেশ ছিল, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নির্বাচনে জয়ী ও পরাজিত—উভয় পক্ষকেই তিনি অভিনন্দন জানান। তিনি মনে করিয়ে দেন যে, হার-জিতই হলো গণতন্ত্রের আসল সৌন্দর্য। বিজয়ীরা যেমন জনগণের রায় পেয়েছেন, তেমনি যারা পরাজিত হয়েছেন তারাও প্রায় অর্ধেক ভোটারের আস্থা অর্জন করেছেন। তাই জয়-পরাজয় ছাপিয়ে সবাইকে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে।

পরিশেষে, পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বিদায় নেন ড. মুহাম্মদ ইউনূস। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে দৃঢ় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ১৮ মাসের দায়িত্বের সমাপ্তির মাধ্যমে দেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে। তিনি অত্যন্ত আশাবাদের সাথে দেশবাসীর কাছ থেকে বিদায় নেন।