
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেট বিশ্বের ১৪ জন কিংবদন্তি অধিনায়ক। কারাবন্দি এই নেতার চোখের চিকিৎসায় অবহেলা এবং সামগ্রিক স্বাস্থ্যের অবনতি নিয়ে তারা পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ–এর কাছে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে সাবেক অধিনায়করা বলেন, কারাগারে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় ইমরান খানের একটি চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে বন্দি থাকার কারণে তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছে বলেও উল্লেখ করা হয়। এ অবস্থায় তার ‘মর্যাদা ও মৌলিক মানবিক অধিকার’ নিশ্চিত করার পাশাপাশি দ্রুত ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
এই চিঠির খসড়া প্রস্তুত করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল। এতে স্বাক্ষর করেছেন ভারতের কিংবদন্তি দুই অধিনায়ক সুনীল গাভাস্কার ও কপিল দেব।
এ ছাড়া স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন- ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড, অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার, স্টিভ ওয়াহ, কিম হিউজেস ও বেলিন্ডা ক্লার্ক, ইংল্যান্ডের নাসের হুসেইন, মাইকেল আথারটন, মাইকেল বিয়ারলি ও ডেভিড গাওয়ার এবং নিউজিল্যান্ডের জন রাইট।
চিঠিতে বলা হয়, ক্রিকেটে ইমরান খানের অবদান অবিস্মরণীয়। তার নেতৃত্বেই পাকিস্তান জিতেছিল ১৯৯২ ক্রিকেট বিশ্বকাপ। ওই ঐতিহাসিক সাফল্য পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করেছে। মাঠের লড়াকু মানসিকতা, নেতৃত্বগুণ ও প্রতিভার জন্য তিনি আজও বিশ্বজুড়ে সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত।
এর আগেও পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস ও শোয়েব আখতার ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবি জানিয়েছিলেন। পাশাপাশি ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা–ও বিষয়টি নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানান এবং এ ইস্যুতে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের আরও সরব হওয়ার আহ্বান জানিয়েছিলেন।


































