
ফাইল ছবি
সৌদি আরবে ১৪৪৭ হিজরির পবিত্র মাস রমজানের চাঁদ দেখা গেছে। দেশটির ধর্মপ্রাণ মুসলিমরা বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু করবেন। রমজানকে স্বাগত জানাতে মক্কা ও মদিনা শহরকে ব্যাপক আলোকসজ্জা ও নান্দনিক উন্নয়নের মাধ্যমে সাজানো হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৌদি প্রেস এজেন্সি আনুষ্ঠানিকভাবে রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে। এ ঘোষণার সঙ্গে তারা মহান আল্লাহর কাছে দোয়া কামনা করে জানিয়েছে, আল্লাহ তায়ালা যেন সিয়াম, কিয়াম ও ইবাদত কবুল করেন এবং বরকতময় এই মাসের প্রতিটি মুহূর্ত তাঁর সন্তুষ্টি অর্জনের কাজে ব্যয় করার তাওফিক দান করেন, আমিন।
মক্কা মিউনিসিপ্যালিটি শহরের সড়ক, চত্বর, সেতু এবং পদচারী ওভারপাসে আলোকিত পর্দা ও এলইডি আলো স্থাপন করেছে। প্রধান সড়ক ও ল্যাম্পপোস্টে মোট ১৫,০০০ লিনিয়ার মিটার এলইডি আলো বসানো হয়েছে। এছাড়া শহরে ৩০টি আলোকিত চাঁদের ভাস্কর্য এবং পার্ক ও হাঁটার পথগুলোতে ৫০টির বেশি আলোকশিল্প স্থাপন করা হয়েছে।
মদিনার বাজার ও সড়কগুলোতেও ব্যাপক নান্দনিক ও সাংগঠনিক উন্নয়ন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং শহর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এই উদ্যোগগুলোর লক্ষ্য রমজানের আধ্যাত্মিক পরিবেশ ফুটিয়ে তোলা এবং স্থানীয় বাসিন্দা ও ভ্রমণকারীদের জন্য উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা।


































