
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরণের পতন দেখা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ডলারের শক্তিশালী অবস্থানের কারণে এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সোনার মূল্য সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। একই সঙ্গে ভূরাজনৈতিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সিদ্ধান্তের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা। খবর রয়টার্সের।
স্পট মার্কেটে সোনার দাম ১.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৯১৮.৬৫ ডলারে নেমেছে। সেশনের শুরুতে একপর্যায়ে দরপতন ২ শতাংশেরও বেশি ছিল। অন্যদিকে, এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের সোনা ফিউচারস ২.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৯৩৭ ডলারে লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, ডলারের শক্ত অবস্থান সাধারণত সোনার দামে চাপ সৃষ্টি করে। ডলারের মূল্য বাড়লে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য সোনা কেনা তুলনামূলকভাবে ব্যয়বহুল হয়ে যায়। এছাড়া মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার সংক্রান্ত ইঙ্গিতও সোনার বাজারে প্রভাব ফেলছে।
বর্তমানে বিনিয়োগকারীরা ভূরাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি নিয়ে নতুন সংকেতের অপেক্ষায় আছেন। এই ইস্যুগুলোর ওপর ভিত্তি করেই সোনার বাজারের পরবর্তী দিকনির্দেশনা নির্ধারিত হবে।








































