রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ন
শেয়ার

কলকাতায় পুলিশের জালে ভিসা জালিয়াতি চক্র, বাংলাদেশিসহ গ্রেফতার ২


humun-kolkata

ছবি: সংগৃহীত

ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাংলাদেশি নাগরিকদের আটকে রেখে অর্থ আদায়ের অভিযোগে কলকাতায় একটি প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতার নিউটাউন টেকনোসিটি থানার পুলিশের জালে ধরা পড়ে তারা।

গ্রেফতারদের একজন হুমায়ুন কবির, বাড়ি নেত্রকোনা জেলার মামুদপুরে। অপরজন অচিন্ত্য কুমার পাল, তিনি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের বাসিন্দা। পুলিশ জানায়, রাজিব লস্কর ও জুনায়েদ মিঞা বৈধ ভিসায় ভারতে গিয়ে তুরস্কে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এ সময় হুমায়ুন তাদের স্থানীয় দালাল অচিন্ত্য পালের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন।

প্রতিশ্রুত অর্থ দেওয়ার পরও চক্রটি আরও তিন লাখ ভারতীয় রুপি দাবি করে। অতিরিক্ত অর্থ দিতে না পারায় ভুক্তভোগীদের আটকে রাখা হয় বলে অভিযোগ। তদন্তে আরও জানা গেছে, মেডিকেলসহ বিভিন্ন ভিসায় ভারতে এসে মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া বাংলাদেশিদের টার্গেট করত এই চক্র। ভিসা নবায়ন বা অন্য দেশে পাঠানোর আশ্বাস দিয়ে পাসপোর্ট জিম্মা রেখে অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা করা হতো। টাকা না দিলে জেলে পাঠানোর হুমকিও দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় আইনে একাধিক ধারায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাদের উত্তর চব্বিশ পরগনার বারাসাত আদালতে তোলা হলে পুলিশ ১০ দিনের রিমান্ড চায়। তদন্তকারীরা বলছেন, চক্রটির সঙ্গে আরও কারা জড়িত এবং কতদিন ধরে তারা সক্রিয়—তা জানতে জিজ্ঞাসাবাদ অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিকদের সঙ্গেও কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।