শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
শেয়ার

শিক্ষা নিয়ে রাজনীতি নয়: ববি হাজ্জাজ


Boby-Hazzaz

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষা নিয়ে রাজনীতি নয়, শিক্ষা দিয়েই রাষ্ট্র গড়বে সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ, ন্যায়ভিত্তিক ও প্রযুক্তিসক্ষম বাংলাদেশের ভিশন বাস্তবায়নে শিক্ষা খাতই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ১২ দফা নীতিগত এজেন্ডা তুলে ধরে তিনি জানান, শিক্ষা খাতে বরাদ্দ ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে নেওয়ার লক্ষ্য সরকারের নির্বাচনী অঙ্গীকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রতিমন্ত্রী বলেন, শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, ব্যয়ের মানও নিশ্চিত করতে হবে। গত অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতের উন্নয়ন তহবিলের প্রায় ৫৩ শতাংশ অব্যবহৃত থেকে ফেরত গেছে বলে তিনি জানান। শিক্ষক প্রশিক্ষণ, বিজ্ঞানাগার ও গ্রন্থাগার আধুনিকায়ন, নিরাপদ অবকাঠামো, মিড-ডে মিল, পরিষ্কার টয়লেট ও নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সহায়তাকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি জানান, ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, ডিজিটাল লিটারেসি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা বাধ্যতামূলক সক্ষমতা হিসেবে চালু করা হবে। তৃতীয় ভাষা শিক্ষা ধাপে ধাপে বাস্তবায়নের কথাও জানান তিনি।

পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থায় সংস্কারের অংশ হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে শেখার ফলভিত্তিক মূল্যায়নের নির্দেশনা দেওয়া হবে বলে জানান ববি হাজ্জাজ।

কারিগরি ও সাধারণ শিক্ষার মধ্যে সেতুবন্ধ তৈরিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয়ে স্কিল ক্রেডিট ও ব্রিজ কোর্স চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।