
যুক্তরাজ্যের ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে সরকারি দায়িত্ব পালনে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তার করেছে টেমস ভ্যালি পুলিশ। পরে তাকে তদন্তাধীন অবস্থায় ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের পর সন্ধ্যার দিকে তাকে নরফোকের একটি পুলিশ স্টেশন থেকে বের হতে দেখা যায়। ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি একটি গাড়ির পেছনের আসনে বসে স্টেশন ত্যাগ করেন।
পুলিশ জানায়, নরফোকে পরিচালিত তল্লাশি কার্যক্রম শেষ হলেও তদন্ত চলমান রয়েছে। একটি অভিযোগের ভিত্তিতে বিষয়টি মূল্যায়ন করা হচ্ছে। অভিযোগে বলা হয়েছে, প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু গোপন নথি আদান-প্রদানের বিষয় তদন্তের আওতায় আনা হয়েছে।
তবে অ্যান্ড্রুর বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি। তাকে ‘রিলিজড আন্ডার ইনভেস্টিগেশন’ হিসেবে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রয়োজনে তাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, এই গ্রেপ্তার অ্যান্ড্রুর বাণিজ্য দূত থাকাকালীন কিছু নথির সঙ্গে সম্পর্কিত, যেগুলো এপস্টাইনের কাছে হস্তান্তর করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি সরকারি অফিসে অসদাচরণের অভিযোগ এবং এপস্টাইনের মাধ্যমে দ্বিতীয় এক নারীকে যুক্তরাজ্যে পাঠানোর বিষয়টিও তদন্তাধীন রয়েছে।
সূত্র: বিবিসি



































