শনিবার । মার্চ ২১, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
শেয়ার

মার্চে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, সূচি প্রকাশ


Bangladesh vs Pakistan

ফাইল ছবি

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় বেশ কিছুদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলো টাইগাররা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ মার্চ, দ্বিতীয়টি ১৩ মার্চ এবং শেষ ওয়ানডে মাঠে গড়াবে ১৫ মার্চ।

২০২৬ সালে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ত সূচি নিয়ে বিসিবি জানিয়েছে, এ বছর মোট নয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর এপ্রিলে পাকিস্তান সফরেও যাবে বাংলাদেশ দল। তবে এর মাঝে ক্রিকেটাররা পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নেওয়ার সুযোগ পাবেন।

পরিসংখ্যানের বিচারে পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজগুলোতে কিছুটা পিছিয়ে আছে বাংলাদেশ। সর্বশেষ ওয়ানডে সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জিতেছিল এবং তার আগের পাকিস্তান সফরে টাইগাররা ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। তবে দীর্ঘ বিরতির পর নিজেদের চেনা মাঠে এবার শক্তিশালী প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়েই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।