শনিবার । মার্চ ২১, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
শেয়ার

অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলঙ্কাকে হারালো জিম্বাবুয়ে


zimbabwe

জিম্বাবুয়ে ক্রিকেট দল। ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে চমকের নাম এখন জিম্বাবুয়ে। আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে আলোচনায় আসা দলটি এবার স্বাগতিক শ্রীলঙ্কাকেও উড়িয়ে দিয়ে নিজেদের শক্ত অবস্থান আরও দৃঢ় করল। গ্রুপ পর্বের ম্যাচে ৬ উইকেটের দাপুটে জয়ে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে জিম্বাবুইয়ানরা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা দল। দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল পেরেরার ব্যাটে ভালো সূচনা পায় লঙ্কানরা। উদ্বোধনী জুটিতে আসে ৫৪ রান। ১৪ বলে ২২ রান করে ফেরেন পেরেরা, তবে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান নিসাঙ্কা।

পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৬১ রান তোলে শ্রীলঙ্কা। নিসাঙ্কা ৪১ বলে ৬২ রানের ঝকঝকে ইনিংস খেললেও ১০৮ রানের মাথায় তার বিদায়ে চাপে পড়ে দল। কুশল মেন্ডিস ২০ বলে ১৪ রান করে আউট হন। শেষদিকে পাভান রাথনায়েকে ২৫ বলে ৪৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভানস ও গ্রায়েম ক্রেমার দুটি করে উইকেট নেন।

১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা পায় জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানির উদ্বোধনী জুটিতে আসে ৬৯ রান। পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৫৫ রান তোলে তারা। মারুমানি ২৬ বলে ৩৪ রান করে আউট হলেও রায়ান বার্ল ১২ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন।

এরপর অধিনায়ক সিকান্দার রাজাকে সঙ্গে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন বেনেট। দুজনের জুটিতে জয়ের ভিত গড়ে ওঠে। বেনেট ফিফটি পূর্ণ করেন, রাজাও ২৬ বলে ৪৫ রান করেন। যদিও ১৯তম ওভারে দুশান হেমন্থ রাজাকে ফিরিয়ে কিছুটা উত্তেজনা ফেরান।

শেষ ওভারে দরকার ছিল ৮ রান। মাহিশ থিকশানার করা ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান টনি মুয়োঙ্গা। এরপর বেনেট জয়সূচক রান নিয়ে ৩ বল হাতে রেখেই ৬ উইকেটের দাপুটে জয় নিশ্চিত করেন। শ্রীলঙ্কার হয়ে হেমন্থ দুটি এবং ভেল্লালাগে ও দাসুন শানাকা একটি করে উইকেট নেন।