
ফাইল ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলাকালে কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
গত ১৯ ফেব্রুয়ারি অধিদপ্তরের সেকশন–২ থেকে পাঠানো এ চিঠিতে স্বাক্ষর করেছেন যুগ্মসচিব ও পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহাম্মদ সামছুল আহসান।
চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তৃতীয় সাময়িক মূল্যায়ন–২০২৫’ চলাকালে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক পরীক্ষা গ্রহণ না করে কর্মবিরতি ও আন্দোলনে অংশ নেন। এ কারণে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া ইতোমধ্যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকলে, কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কতজন শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে—সে সংক্রান্ত তথ্যও অধিদপ্তরকে জানাতে বলা হয়েছে।
জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত অধিদপ্তরের মাসিক সমন্বয় সভায় পরীক্ষা চলাকালে কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, বেতন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে গত বছরের ২৭ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ কর্মবিরতি শুরু করেন। ১ ডিসেম্বর শুরু হওয়া বার্ষিক পরীক্ষাও তারা বর্জন করেন। এতে দেশের অনেক বিদ্যালয়ে পরীক্ষা গ্রহণ ব্যাহত হয় এবং কোথাও কোথাও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরে ২ ডিসেম্বর রাতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।








































