শনিবার । মার্চ ২১, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শেয়ার

প্রতিটি ছবিতে নিজেকে নতুন করে প্রমাণ করতে হয়: অদিতি রাও


Aditi Rao

জনপ্রিয় অভিনেত্রী অদিতি রাও হায়দারি

জনপ্রিয় অভিনেত্রী অদিতি রাও হায়দারি সম্প্রতি আলোচনায় এসেছেন তাঁর নতুন নির্বাক চলচ্চিত্র ‘গান্ধী টকস’ নিয়ে। ভারতীয় দৈনিক অমর উজালাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ভিন্নধর্মী সিনেমায় কাজ করার অভিজ্ঞতা এবং হিন্দি সিনেমা জগতে তাঁর বর্তমান অবস্থান নিয়ে খোলামেলা কথা বলেছেন। 

ছবিতে বিজয় সেতুপতি, অরবিন্দ স্বামী ও সিদ্ধার্থ যাদবের মতো শক্তিশালী অভিনেতাদের সঙ্গে কাজ করাকে তিনি বিশেষ এক প্রাপ্তি হিসেবে দেখছেন। অদিতি জানান, সংলাপহীন এই ছবিতে কেবল শরীরী ভাষা আর চোখের অভিব্যক্তির মাধ্যমে মনের গভীর অনুভূতি প্রকাশ করার প্রক্রিয়াটি তিনি দারুণ উপভোগ করেছেন। তাঁর মতে, এ ধরনের নিরীক্ষাধর্মী সিনেমাগুলো বোঝার জন্য দর্শকদের কিছুটা সময় ও ধৈর্য প্রয়োজন।

সাক্ষাৎকারে গত চার বছরে হিন্দি ছবিতে তাঁকে কেন কম দেখা যাচ্ছে, সেই প্রশ্নেরও সহজ উত্তর দিয়েছেন অদিতি। তিনি জানান, বলিউডে বাইরের মানুষ হিসেবে প্রতিটি কাজেই নিজেকে নতুন করে প্রমাণ করতে হয় এবং ভালো কাজের প্রস্তাব পেলেই কেবল তিনি রাজি হন।

২০১১ সাল থেকে দীর্ঘ পথচলায় তিনি বিশ্বাস করেন যে, প্রতিভা থাকলে নিজের পথ নিজেই তৈরি করে নেওয়া সম্ভব। একই সঙ্গে বিনোদন জগতের দীর্ঘ কাজের শিফট ও মানসিক চাপ নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী।

তিনি মনে করেন, শিল্পীরা যন্ত্র নন; তাই কাজের মান ঠিক রাখতে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পর্যাপ্ত বিশ্রাম ও সময়ের ভারসাম্য থাকা অত্যন্ত জরুরি। সৃজনশীল কাজের ক্ষেত্রে ইন্ডাস্ট্রির আরও সংবেদনশীল হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।