শনিবার । মার্চ ২১, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
শেয়ার

২৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে রাশমিকা-বিজয়


Bijoy - Rashmika

জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা

দীর্ঘদিন ধরে চলা জল্পনা আর ভক্তদের অন্তহীন প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের বিয়ের খবর নিশ্চিত করলেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। এতদিন ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জনসমক্ষে নীরব থাকলেও গত রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি যৌথ বার্তার মাধ্যমে তাঁরা জীবনের নতুন অধ্যায় শুরুর ঘোষণা দেন। 

ভক্তদের দেওয়া ‘বিরোশ’ নামটিকে ভালোবেসে গ্রহণ করে তাঁরা জানান, জীবনের এই বিশেষ মুহূর্তে তাঁরা সেই নামকেই ধারণ করে এগিয়ে যেতে চান। ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এই তারকা জুটি বলেন, তাঁদের প্রতিটি পরিকল্পনার আগে ভক্তরা পাশে ছিলেন বলেই আজ এই শুভক্ষণ সম্ভব হয়েছে।

বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের একটি ঐতিহাসিক প্রাসাদে এই জুটির বিয়ের মূল অনুষ্ঠান সম্পন্ন হবে। তবে উৎসবের আমেজ শুরু হয়ে যাবে ২৪ ফেব্রুয়ারি থেকেই। পারিবারিক রীতিনীতি মেনে দুই পরিবার পৃথক আয়োজনের প্রস্তুতিও সম্পন্ন করেছে। আয়োজনে থাকছে কড়া গোপনীয়তা। অতিথিদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং কোনো ছবি যেন ফাঁস না হয়, সেজন্য অনুষ্ঠানস্থলে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। 

এমনকি নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে একটি আন্তর্জাতিক সংস্থাকে। ব্যক্তিগত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেও আগামী ৪ মার্চ হায়দরাবাদে চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী ও বন্ধুদের জন্য একটি জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

২০১৭ সালে ‘গীতা গোবিন্দাম’ ছবির সেটে প্রথম পরিচয় এই জুটির। পর্দার সেই অনবদ্য রসায়ন ‘ডিয়ার কমরেড’ ছবিতে আরও গভীর হয়, যা দর্শকদের মনে এই জুটিকে নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি করে। কাজের বাইরেও বিভিন্ন সময় তাঁদের একসঙ্গে ভ্রমণ ও পারিবারিক অনুষ্ঠানে উপস্থিতি সেই গুঞ্জনকে বারবার উসকে দিয়েছে। 

যদিও তাঁরা বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে সংযত ছিলেন। পর্দার প্রেমের সেই সফল জুটি এখন বাস্তব জীবনেও একে অপরের জীবনসঙ্গী হতে যাচ্ছেন। জাঁকজমকপূর্ণ প্রচারের বদলে ব্যক্তিগত ও সংরক্ষিত আবহে এই বিয়ের সিদ্ধান্ত ভক্তমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে। এখন সবার অপেক্ষা কেবল রাজস্থানি সাজে প্রিয় ‘বিরোশ’ জুটির প্রথম বিয়ের ছবির জন্য।