
ফাইল ছবি
সরকার ২০০৯ সালে পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে নতুন তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, পিলখানা-কেন্দ্রিক ওই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠক শেষে তিনি জানান, ৫ আগস্টের পর হওয়া হয়রানিমূলক মামলাগুলো যাচাই করে ভুক্তভোগীদের হয়রানি কমাতে পুলিশকে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনমনে স্বস্তি ফেরানোই সরকারের প্রথম অগ্রাধিকার বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে মব কালচার আর বরদাস্ত করা হবে না এবং অবৈধভাবে সড়ক অবরোধ করে দাবি আদায়ের সুযোগ থাকবে না। একই সঙ্গে রাজনৈতিক কারণে বিধিবহির্ভূত প্রটোকল না দেওয়ার নির্দেশ, ২৭০১ শূন্য পদে কনস্টেবল নিয়োগ, অতীত নিয়োগে জালিয়াতি তদন্ত এবং ওসিদের বদলি প্রক্রিয়া নতুনভাবে যোগ্যতা-দক্ষতার ভিত্তিতে করার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া পাসপোর্ট অফিসে ভোগান্তি কমাতে সহায়তাকারীদের পরীক্ষামূলক নিবন্ধন, পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপ রোধ, এবং বিগত সরকারের সময়ে দেওয়া অস্ত্রের লাইসেন্স পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ রাইফেলস বিদ্রোহের পূর্ণাঙ্গ পুনঃতদন্তের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।












































