
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, অনুমতি ছাড়া অফিস ত্যাগ এবং বিলম্বে অফিসে উপস্থিতি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
অফিস আদেশে বলা হয়েছে, সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে—রমজান মাসে বিকেল ৩টা ৩০ মিনিটের আগে এবং রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে—কেউ দপ্তর ত্যাগ করতে পারবেন না।
এ ছাড়া অফিস চলাকালে জরুরি প্রয়োজনে দপ্তর ত্যাগের ক্ষেত্রে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধানের অনুমতি নিয়ে ‘অফিস ত্যাগের রেজিস্টার’-এ এন্ট্রি ও ডিজিটাল হাজিরা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অমান্য করলে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।






































