
নতুন সরকারের ১০ উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের ১০ উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী এই দায়িত্ব বণ্টন সম্পন্ন করেন। গত ১৭ ফেব্রুয়ারি এই ১০ উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
মন্ত্রী পদমর্যাদায় যারা দায়িত্ব পেলেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস), নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদ। এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী পদমর্যাদায় যারা দায়িত্ব পেলেন
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় পাঁচজন উপদেষ্টাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া জাহেদ উর রহমানকে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি; মাহ্দী আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রেহান আসিফ আসাদ পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব।
উল্লেখ্য, এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সরকার গঠন করা হয়। আজ উপদেষ্টাদের দপ্তর বণ্টনের মাধ্যমে নতুন সরকারের প্রশাসনিক কাঠামো আরও পূর্ণাঙ্গ রূপ পেল।







































