রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন
শেয়ার

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

‘প্রবাসী কর্মীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেবে সরকার’


nurul-haque-nuru

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নূরুল হক নুর | ছবি: সংগৃহীত

প্রবাসী কর্মীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এ ক্ষেত্রে যেসব প্রশাসনিক ও প্রক্রিয়াগত জটিলতা রয়েছে, সেগুলো নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে প্রবাসীদের মরদেহ বিমানবন্দর থেকে নিজ নিজ বাড়িতে বিনামূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, এর আগে তিনটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স ছিল, নতুন করে আরও দুটি যুক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়াল পাঁচটিতে। এর ফলে প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

নুরুল হক নুর বলেন, কোনো প্রবাসীর মরদেহ দেশে এলে তাৎক্ষণিকভাবে ৩০ থেকে ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। এছাড়া জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)–তে নিবন্ধন করে বিদেশে গেলে মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে ১৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের মরদেহ সংরক্ষণ ও পরিবহনের জন্য ফ্রিজিং সুবিধা শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে চট্টগ্রাম, সিলেটসহ দেশের সব জেলায় এই সেবা সম্প্রসারণ করা হবে।

তিনি বলেন, প্রবাসীদের প্রতি সরকারের দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শোকাহত পরিবারগুলো অন্তত মরদেহ পরিবহনের বিষয়ে বাড়তি দুর্ভোগে না পড়ে।