শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শেয়ার

বিয়ের প্রলোভন ও প্রতারণার মামলায় গায়ক নোবেলের জামিন


Singer Nobel

ফাইল ছবি

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা, আপত্তিকর ছবি তোলার চেষ্টা এবং ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার গায়ক মাইনুল আহসান নোবেল জামিন পেয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়। শুনানির সময় মামলার বাদী আনাননিয়া শবনম রোজ (অনন্যা) আদালতে উপস্থিত ছিলেন।

শুনানিকালে বিচারক আপসের বিষয়ে বাদীর মতামত জানতে চাইলে তিনি ইতিবাচক সাড়া দেন। এ সময় নোবেলের আইনজীবী মো. রানা শেখ আপসের বিষয়টি তুলে ধরে জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত আগামী ২ এপ্রিল পরবর্তী তারিখ নির্ধারণ করে ওই সময় পর্যন্ত নোবেলকে জামিন দেন।

বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম জানান, গত ২ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

মামলার বিবরণে বলা হয়, গত বছরের ১৩ আগস্ট নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, পরিচিত ছোট ভাই মাসুদ রানা এবং সহকারী মুনেম শাহ সৌমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন অনন্যা। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে গত ৭ জানুয়ারি পাঁচজনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে।

অভিযোগে উল্লেখ করা হয়, নোবেল প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের আশ্বাস দিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে গত বছরের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন। এছাড়া বাদীকে আটকে রেখে হেনস্তা এবং আপত্তিকর ছবি তৈরির চেষ্টায় অন্য আসামিরা তাকে সহযোগিতা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।