রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শেয়ার

প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী


Khalilur Rahman

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন খলিলুর রহমান। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর জরুরি বৈঠকে অংশ নিতে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার ওআইসির নির্বাহী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ওআইসির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই জরুরি অধিবেশনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরও সফরে যাচ্ছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সংস্থার সদস্য একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন। সৌদি সফরের তার তিনি আগামী শনিবার দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি অবৈধভাবে দখলের পর ইসরায়েল নতুন ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে এবং সেই এলাকা নিজেদের সার্বভৌম অঞ্চলের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর প্রেক্ষিতে ওআইসির জরুরি বৈঠক আয়োজন করা হয়েছে, যাতে ইসরায়েলের অবৈধ দখলদারত্বের অবসান ও ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান নিয়ে আলোচনা করা যায়।