রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১৫ পূর্বাহ্ন
শেয়ার

পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ প্রতিমন্ত্রী


saki

ফাইল ছবি

সরকারি কর্মচারীদের জন্য নবম পে-স্কেল বাস্তবায়ন করা হবে, তবে এতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে কর্মচারী নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপসচিব মো. আব্দুল খালেক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম এ হান্নানসহ কয়েকজন নেতা।

বৈঠক শেষে এম এ হান্নান বলেন, প্রতিমন্ত্রী তাদের আশ্বস্ত করে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু পে-স্কেল বাস্তবায়নের কথা বলেছেন, তাই ধাপে ধাপে তা কার্যকর হবে। তবে এখনই সব বাস্তবায়ন সম্ভব নয় এবং নির্দিষ্ট সময়সীমাও জানানো হয়নি।

বৈঠক সূত্রে জানা যায়, পে-স্কেলের দাবিতে অতীতে চলা আন্দোলনে প্রতিমন্ত্রীর ভূমিকার বিষয়টিও আলোচনায় আসে। জবাবে তিনি সরকারের আর্থিক সীমাবদ্ধতা ও পরিকল্পনার কথা তুলে ধরেন এবং জানান, সাম্প্রতিক মন্ত্রিসভার বৈঠকে পে-স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি।

প্রসঙ্গত, নবম পে-স্কেল প্রণয়নের লক্ষ্যে গত বছরের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার একটি পে-কমিশন গঠন করে, যা চলতি বছরের ২১ জানুয়ারি সুপারিশ জমা দেয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে দ্রুত সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মচারীরা। এ বিষয়ে নতুন অর্থমন্ত্রী আমীর খসরুও সম্প্রতি বাস্তবায়নে সময় লাগার ইঙ্গিত দিয়েছেন।