রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০০ অপরাহ্ন
শেয়ার

পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস: প্রধানমন্ত্রী


PM-Tareq-Rahman

বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ ঘটনার মাধ্যমে জাতীয় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা স্পষ্টভাবে ফুটে উঠেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সেনানিবাসের মাল্টি পারপাস হলে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তিনি শুধু একজন জনপ্রতিনিধি হিসেবেই নয়, একজন সেনা পরিবারের সদস্য হিসেবেও অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। দেশে ফেরার পর শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে তিনি দেখেছেন, গত ১৭ বছর ধরে শহীদ পরিবারের সদস্যরা ন্যায়বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরেছেন।

তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা সবার দায়িত্ব। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় জাতীয় নিরাপত্তার দুর্বলতা স্পষ্ট হয়েছে। তাই বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও আধুনিক ও শক্তিশালী করতে হবে।

ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার সময় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। সে সময় বাংলাদেশ সেনাবাহিনী ও ইপিআরের সদস্যরা দায়িত্ব পালন করে গৌরবময় ইতিহাসের সাক্ষী হন। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সীমান্তরক্ষী বাহিনী পুনর্গঠন ও অবকাঠামোগত উন্নয়ন শুরু করেন বলেও তিনি উল্লেখ করেন।

সভায় প্রধানমন্ত্রী শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, শহীদ পরিবারের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদি সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।