রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪২ পূর্বাহ্ন
শেয়ার

সংসদ নির্বাচনকে পুরোপুরি প্রশ্নাতীত বলা কঠিন: সুজন


Sujan

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অভিযুক্ত ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকদের প্রকাশ্য অংশগ্রহণকে সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটির মতে, এবারের নির্বাচন ও গণভোট আংশিকভাবে বিতর্কমুক্ত হলেও একে পুরোপুরি প্রশ্নাতীত বলা কঠিন।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে এবং সব দল ফল মেনে নিয়েছে। তবে উত্থাপিত অভিযোগগুলোর তদন্ত ও নিষ্পত্তি নির্বাচন কমিশনের দায়িত্ব।

সুজনের পর্যবেক্ষণে বলা হয়, অন্তত ৪৫ জন অভিযুক্ত ঋণখেলাপি প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। এদের মধ্যে ১১ জন জয়ী হয়েছেন, যাঁরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল–নেতৃত্বাধীন জোটের প্রার্থী। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার প্রার্থীও এই তালিকায় ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, তুলনামূলক অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন গণতান্ত্রিক বৈধতা বাড়িয়েছে। তবে কিছু এলাকায় সহিংসতা, আচরণবিধি লঙ্ঘন ও অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সংগঠনটি।