
সরকার শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১২ লাখ কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি নতুন সরকারের আনুষ্ঠানিক প্রথম মন্ত্রিপরিষদ বৈঠক।
প্রেস ব্রিফিংয়ে নাসিমুল গনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই ঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের সুদসহ মোট পাওনা রয়েছে প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা, যা এ মওকুফ কর্মসূচির আওতায় আসবে।






































