
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, খুব শিগগিরই দেশের পুলিশ বাহিনীতে আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘পুলিশের জনবল বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করছি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পর দ্রুত নতুন কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।’ এছাড়া এসআই ও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগ নেওয়া হবে, যা যথাযথ সময়ে জানানো হবে।
তিনি আরও জানান, জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিকল্পনা গ্রহণ ও তা অনুযায়ী কাজ সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগ দেওয়া হবে এবং শিগগির যথাযথ পরীক্ষার মাধ্যমে তা সম্পন্ন হবে।






































