
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের স্বাধীনতা আরও বিস্তৃত করা হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে দেশের গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোর আওতায় আনতে সরকার কাজ করছে। তিনি বলেন, তথ্যপ্রযুক্তিভিত্তিক নতুন গণমাধ্যমের দ্রুত বিস্তারের সঙ্গে খাপ খাওয়াতে এখনও কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্ন হয়নি।
বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে মনোমালিন্য ও বিভেদের বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনো পুরোপুরি অবহিত নন। এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।
এর আগে সকালে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে চেক বিতরণ করা হয়। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক দেওয়া হয়।






































