রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০০ অপরাহ্ন
শেয়ার

দেশে ৩৯ ঘণ্টায় তিন দফা ভূমিকম্প


Earthquake

ফাইল ছবি

দেশে গত ৩৯ ঘণ্টায় তিন দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ৫৩ মিনিটের দিকে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবারের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। এটি ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে প্রায় ১৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পটি মাঝারি ধরনের। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ বলে উল্লেখ করেছে।

এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৪ দশমিক ৬ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম অঞ্চল, যা ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

এছাড়া গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে ৫ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক শহর থেকে ৮৩ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১২৯ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

টানা স্বল্প সময়ের ব্যবধানে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ায় অনেকেই আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।