
ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ মার্চ থেকে। ওইদিন সকাল থেকেই ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের যাত্রার টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর গাবতলিতে বাংলাদেশ বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন–এর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সেক্রেটারি শুভঙ্কর ঘোষ রাকেশ।
তিনি জানান, ৩ মার্চ সকাল থেকে কাউন্টার ও অনলাইন—উভয় মাধ্যমেই টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে পছন্দের বাস ও আসন নির্বাচন করে অগ্রিম টিকিট কিনতে পারবেন। প্রথম দিনেই ১২ মার্চ থেকে ঈদের আগের দিনের যাত্রার টিকিট ছাড়া হবে।
ভাড়া প্রসঙ্গে রাকেশ বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক করা হবে।
টিকিট কালোবাজারি রোধে বিভিন্ন কাউন্টারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মালিক সমিতির পক্ষ থেকেও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।






































