বুধবার । মার্চ ৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০২ অপরাহ্ন
শেয়ার

ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও রেভল্যুশনারি গার্ডের কমান্ডার নিহত: রয়টার্স


Iran-minister-commender

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং দেশটির রেভল্যুশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর

ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে পরিচিত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং দেশটির বিপ্লবী বাহিনী রেভল্যুশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো এবং একটি আঞ্চলিক সূত্র প্রাথমিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের মৃত্যুর বিষয়টি স্বীকার বা নিশ্চিত করা হয়নি।

এর আগে ইসরায়েল জানায়, নিজেদের অনুসন্ধানে তারা জানতে পেরেছে—ইরানের বিপ্লবী বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি দেশটির গোয়েন্দা শাখার প্রধানও নিহত হয়েছেন।

ইসরায়েলের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন শনিবার সকালে চালানো হামলায় ইরানের সর্বোচ্চ নেতৃত্বকেও সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে।

ইসরায়েলি পক্ষের তথ্যমতে, ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও টার্গেট করা হয়।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ একটি সূত্রের বরাতে দাবি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল কিংবা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক এই হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর আগে ইসরায়েল দাবি করেছিল, হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ পর্যায়ের নেতারাও নিহত হয়েছেন।