রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১ মার্চ ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
শেয়ার

মধ্যপ্রাচ্যের কয়েক‌টি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা


Foreign Ministry

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (১ মার্চ) এক বিবৃতিতে এই আনুষ্ঠানিক অবস্থান জানায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, বাহরাইন, ইরাক, জর্দান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যর বেশ কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ইরানে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ওই অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিবৃতিতে বলা হয়, চলমান এই যুদ্ধাবস্থা অব্যাহত থাকলে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সাধারণ বেসামরিক জনগণের জীবন ও কল্যাণ মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়বে।

উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বাংলাদেশ বলেছে, যেকোনো ধরনের সামরিক তৎপরতা বন্ধ করে অবিলম্বে আলোচনার টেবিলে ফিরে এসে কূটনৈতিক উপায়ে মতপার্থক্য নিরসন করতে হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ আশা করে—যত দ্রুত সম্ভব এই অঞ্চলে শান্তি ফিরে আসবে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠিত হবে।