রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১ মার্চ ২০২৬, ৭:২০ অপরাহ্ন
শেয়ার

মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রিতে


Storm

ফাইল ছবি

চলতি মার্চ মাসে দেশে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাসের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে দু-একটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

রোববার (১ মার্চ) সংস্থাটির মাসব্যাপী পূর্বাভাসে জানানো হয়, মার্চে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে এবং তা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে। এছাড়া এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তবে মার্চে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

নদ-নদীর অবস্থার বিষয়ে পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজমান থাকতে পারে।

কৃষি আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, মার্চে দৈনিক গড় বাষ্পীভবন বাড়ার প্রবণতা থাকতে পারে, যা ফসলের জন্য অতিরিক্ত সেচের প্রয়োজন সৃষ্টি করতে পারে। এ কারণে কৃষকদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।