
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে এই হত্যাকাণ্ডকে মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব নীতির নিষ্ঠুর লঙ্ঘন বলে অভিহিত করেছেন তিনি।
খবরে বলা হয়, গতকাল শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানজুড়ে হামলা চালায়। ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী তেহরানে নিজের কার্যালয়ে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে ইরানের নেতৃত্ব দিয়ে আসছিলেন।
খামেনির মৃত্যুতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও খামেনির পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানান রুশ প্রেসিডেন্ট পুতিন।
আজ রোববার এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করেন।
বিবৃতিতে পুতিন বলেন, রাশিয়ায় আয়াতুল্লাহ আলী খামেনিকে একজন অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে, যিনি রাশিয়া ও ইরানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।





































