রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২ মার্চ ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র


usa-visa

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে ভিজিট (ভ্রমণ) ভিসার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

সোমবার (২ মার্চ) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত আগামী ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।

দূতাবাস জানায়, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেন, মূলত সেই দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

তবে পোস্টে স্পষ্ট করে জানানো হয়, এই স্থগিতাদেশ ভিজিটর ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত তারিখ অনুযায়ী ভিসা সাক্ষাৎকারেও অংশ নিতে পারবেন। পাশাপাশি পররাষ্ট্র দপ্তর নিয়মিতভাবেই ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রম চালিয়ে যাবে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা অন্য দেশগুলো হলো- আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা দ্বীপপুঞ্জ, বারবাডোজ, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মিয়ানমার (বার্মা), কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর মেসিডোনিয়া, পাকিস্তান, রিপাবলিক অব কঙ্গো, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিবাসী ভিসা স্থগিত থাকলেও নিয়মিত ভ্রমণ, পর্যটন ও স্বল্পমেয়াদি কাজে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিজিট ভিসা কার্যক্রম স্বাভাবিকভাবেই চালু থাকবে।