
দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোকে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি দিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি
বগুড়া-৬ আসনের উপনির্বাচনের কারণে পূর্বনির্ধারিত সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী। এর পরিবর্তে আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছিলেন যে, ১০ মার্চ বগুড়ার শিবগঞ্জে এই কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটের আগে সেখানে কোনো সরকারি কর্মসূচি না রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। বগুড়া জেলা প্রশাসকও সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে, উপনির্বাচন চলায় এই সফরটি বর্তমানে স্থগিত করা হয়েছে।
পাইলট প্রকল্প হিসেবে দেশের ১৪টি উপজেলার নির্দিষ্ট একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে এই কার্ড বিতরণ করা হবে। প্রাথমিকভাবে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত—এই তিন শ্রেণির মানুষ অগ্রাধিকার ভিত্তিতে এই সুবিধার আওতায় আসবেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে সুবিধাভোগীরা ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
এই কার্যক্রমের আওতায় ঢাকার কড়াইল, সাততলা, ভাষানটেক, আলী মিয়ার টেক ও বাগানবাড়ি বস্তিসহ দেশের বিভিন্ন জেলার নির্দিষ্ট কিছু এলাকাকে নির্বাচন করা হয়েছে। যার মধ্যে রয়েছে বগুড়ার শাখারিয়া, রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পতেঙ্গা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একটি করে ওয়ার্ড।






































