
পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন তারকা ব্যাটার বাবর আজম
পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে বইছে বড় পরিবর্তনের হাওয়া। বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন তারকা ব্যাটার বাবর আজম। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে ঘোষিত এই দলে একঝাঁক নতুন মুখ জায়গা পেয়েছেন, যেখানে ৬ জন ক্রিকেটারের এখনো ওয়ানডে অভিষেকই হয়নি।
সবশেষ ওয়ানডে সিরিজে সেঞ্চুরি থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবরের অফ-ফর্মই সম্ভবত তাঁর বাদ পড়ার মূল কারণ। বিশ্বকাপে ৬ ম্যাচে ১১২.৩৪ স্ট্রাইক রেটে মাত্র ৯১ রান করেছিলেন তিনি। অন্যদিকে, চোটের কারণে ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ওপেনার ফখর জামান। হ্যামস্ট্রিং চোটের কারণে তাঁকে বিশ্রামে রাখা হয়েছে।
বড় চমক হিসেবে পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন সাহিবজাদা ফারহান, যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ৩৮৩ রান করে ফর্মে আছেন। তাঁর পাশাপাশি অভিষেক হতে যাওয়া অন্য পাঁচ ক্রিকেটার হলেন— আবদুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ এবং শামিল হোসেন। উল্লেখ্য, সামাদ, সাদাকাত, সাদ মাসুদ ও শামিল হোসেন সম্প্রতি আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে নজর কেড়েছেন।
বাংলাদেশ সফরের তিন ম্যাচ সিরিজের ওয়ানডেগুলো আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পাকিস্তান দল ৮ মার্চ বাংলাদেশে পা রাখার কথা রয়েছে।





































