
শেখ তানভীর বারী হামিম। ছবি: সংগৃহীত
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৪ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সাংগঠনিক সিদ্ধান্ত অনুমোদন করেন।
হামিমের পাশাপাশি একই দিনে শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়েছেন স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সদস্য সচিব মো. মাহদীজ্জামান জ্যোতি। তাকেও সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। উল্লেখ্য, জ্যোতি ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের আপন ছোট ভাই।
দলীয় বিজ্ঞপ্তিতে সরাসরি কারণ উল্লেখ না করা হলেও একে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ’ হিসেবে অভিহিত করা হয়েছে। তবে সূত্রমতে, সম্প্রতি জ্যোতির একটি মাদক (গাঁজা) সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই হামিম ও জ্যোতির বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ জানিয়েছে, সংগঠনের ভাবমূর্তি রক্ষায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নীতিবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।







































