রবিবার । মার্চ ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ৫ মার্চ ২০২৬, ৭:০১ অপরাহ্ন
শেয়ার

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের


High Court

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এ আদেশ দেন।

ওই আসনে বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণের করা আবেদনের শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট হাসানুল আলম। আদালতে কপিল কৃষ্ণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে জয়ী হন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট।

তিনটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি। ফল ঘোষণার পর কয়েকটি কেন্দ্রের ফলাফল নিয়ে আপত্তি তুলে নির্বাচন কমিশনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণ। প্রতিকার না পেয়ে তিনি হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে আদালত ভোট পুনর্গণনার নির্দেশ দেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে তিনটিতে জয় পেয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থীরা। বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আব্দুল আলিম জয়ী হন। অন্যদিকে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপির শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন।