
সংগৃহীত ছবি
ঘরের মাঠে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
ঘোষিত স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাস ও অলরাউন্ডার আফিফ হোসেন। তবে জায়গা হারিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও ব্যাটার জাকের আলী। গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকা তিন ক্রিকেটার নুরুল হাসান, জাকের আলী ও শামীম হোসেন এবার দলে নেই।
এছাড়া ইনজুরির কারণে এই সিরিজে খেলতে পারছেন না দলের দুই গুরুত্বপূর্ণ পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন পেসার শরিফুল ইসলাম ও তরুণ গতিময় বোলার নাহিদ রানা।
দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন। তিনি সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে দেশের হয়ে ওয়ানডে খেলেছিলেন। ২০২০ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ৩৪ ওয়ানডেতে ৬৬৭ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সাউথ জোনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান আফিফ। তিন ইনিংসে ৬৪ গড়ে ১২৮ রান করার পাশাপাশি একটি সেঞ্চুরিও করেন তিনি।
অন্যদিকে লিটন দাস সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। ওয়ানডেতে কিছুদিন ফর্মহীনতায় থাকলেও টি–টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে হাফ সেঞ্চুরি এবং টেস্টে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করে দলে ফেরার দাবি জোরালো করেন তিনি।
আগামী ১১ মার্চ থেকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ।
বাংলাদেশ স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।






































