
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধে তিনটি শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, শান্তি প্রতিষ্ঠার জন্য ইরানের ন্যায্য অধিকার স্বীকার, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে আর কোনো হামলা না করার আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।
তিনি বলেন, তেহরান এখনো আঞ্চলিক শান্তির পক্ষে অবস্থান করছে। তবে এসব শর্ত পূরণ হলেই কেবল যুদ্ধ বন্ধ করে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব।
পেজেশকিয়ান জানান, এ বিষয়ে তিনি ইতোমধ্যে রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। তার দাবি, বর্তমান সংঘাত শুরু হয়েছে ‘জায়নবাদী শাসনব্যবস্থা’ ও যুক্তরাষ্ট্রের উসকানিতে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বেড়ে যায়। এরপর থেকেই যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।
এদিকে রাশিয়া ইরানের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে সংঘাত বন্ধে আহ্বান জানিয়ে আসছে। ইরানের প্রেসিডেন্টও পুনর্ব্যক্ত করেছেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে তার দেওয়া তিন শর্ত বাস্তবায়নই সংকট সমাধানের একমাত্র পথ।







































