শুক্রবার । মার্চ ১৩, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১৩ মার্চ ২০২৬, ২:১০ অপরাহ্ন
শেয়ার

সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


toss

ছবি: সংগৃহীত

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ।

প্রথম ম্যাচের ধারাবাহিকতায় আজও টস ভাগ্য সহায় হয়েছে স্বাগতিকদের। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

দুপুর সোয়া ২টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে বাংলাদেশ তাদের উইনিং কম্বিনেশন অপরিবর্তিত রেখেছে। তবে পাকিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে; স্পিনার আবরার আহমেদের পরিবর্তে দলে ফিরেছেন গতি তারকা হারিস রউফ।

আজকের এই ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ জয়ের পাশাপাশি আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতির বড় সুযোগ। বর্তমানে ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ১। আজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৭৯, যা তাদের সরাসরি ৯ নম্বরে তুলে দেবে।

আর যদি সিরিজটি ৩-০ ব্যবধানে জেতা সম্ভব হয়, তবে রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৮১-তে।

​এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল মিরাজ বাহিনী। পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়ে ২০৯ বল হাতে রেখেই বিশাল জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। সেই দাপুটে জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে মুখিয়ে আছে স্বাগতিকরা।

অন্যদিকে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান দলও ঘুরে দাঁড়াতে মরিয়া, তবে মিরপুরের চেনা কন্ডিশনে বাংলাদেশই আজ ফেবারিট হিসেবে মাঠে নামছে।

বাংলাদেশ একাদশ: তানজীদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক) রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, সামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, হুসাইন তালাত, আবুদল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।