
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই যুদ্ধ বন্ধের ঘোষণা দিতে পারেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিক এলিয়ট আব্রামস। তিনি ধারণা দিয়েছেন, এক বা দুই সপ্তাহের মধ্যেই এ ধরনের ঘোষণা আসতে পারে।
সিএনএনের সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্রামস বলেন, ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ট্রাম্পের সামনে মূলত দুটি সম্ভাব্য পথ খোলা রয়েছে।
তার মতে, প্রথম সম্ভাবনা হলো—ইরানের ভেতরে কোনো ধরনের বিদ্রোহ দেখা দেওয়া। আর দ্বিতীয় সম্ভাবনা হলো, খুব শিগগিরই ট্রাম্প যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবেন।
আব্রামস বলেন, “সম্ভবত এক বা দুই সপ্তাহের মধ্যে ট্রাম্প ঘোষণা দিতে পারেন যে যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পিত সব লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এখন যুদ্ধ শেষ করার সময় এসেছে।”
মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশনস–এর সাবেক এই সিনিয়র ফেলো মনে করেন, দ্বিতীয় সম্ভাবনাটিই বেশি বাস্তবসম্মত। তাঁর ভাষায়, শেষ পর্যন্ত ট্রাম্প যুদ্ধ সমাপ্তির ঘোষণা দিতে পারেন।
তিনি আরও বলেন, ইরানের অনেক সাধারণ মানুষ বর্তমান সরকারকে পছন্দ না করলেও সরকারটি ঠিক কখন পতন হবে—এক সপ্তাহ পরে নাকি পাঁচ বছর পরে—তা নিশ্চিত করে বলা কঠিন।





































