শনিবার । মার্চ ১৪, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৪ মার্চ ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
শেয়ার

ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালী পার হলো ভারতের ২ জাহাজ


Harmuz

ফাইল ছবি

ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছে ভারতের পতাকাবাহী দুটি এলপিজিবাহী (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ট্যাংকার। জাহাজ দুটি ভারতের পশ্চিমাঞ্চলের বন্দরের উদ্দেশে আসছে বলে জানিয়েছে ভারত সরকার।

শনিবার (১৪ মার্চ) নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা বলেন, ভোরের দিকে জাহাজ দুটি নিরাপদে হরমুজ প্রণালী পার হয়ে এখন ভারতের পথে রয়েছে।

গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে তেহরান এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জাহাজ চলাচল অনেকটাই সীমিত করে দেয়। সাধারণত বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে যায়।

এদিকে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটানো অবরোধের মধ্যেও ব্যতিক্রম হিসেবে কিছু ভারতীয় জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে ঠিক কতটি জাহাজকে এই অনুমতি দেওয়া হয়েছে তা তিনি উল্লেখ করেননি।

যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতে রান্নার গ্যাসের সরবরাহেও চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশটির সরকার জরুরি ক্ষমতা ব্যবহার করে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে এবং শিল্প খাতে সরবরাহ কমিয়ে গৃহস্থালির চাহিদা পূরণে অগ্রাধিকার দিচ্ছে।

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় জানিয়েছে, যেসব গ্রাহকের পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস (পিএনজি) সংযোগ রয়েছে, তারা আর এলপিজি সিলিন্ডার নিতে বা রিফিল করতে পারবেন না। এছাড়া সরকারি তেল কোম্পানিগুলোও এমন গ্রাহকদের নতুন এলপিজি সংযোগ বা রিফিল দেবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আল জাজিরা