
ফাইল ছবি
উন্নত চিকিৎসার জন্য আগামীকাল রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সেখানে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
আজ শনিবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল। তিনি জানান, রোববার বেলা ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হবে। তার সঙ্গে যাবেন সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস।
এভারকেয়ার হাসপাতালে গতকাল শুক্রবার মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, সিটি স্ক্যানের প্রতিবেদন সন্তোষজনক এসেছে।
এর আগে গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার অবনতি হলে রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যানের প্রতিবেদনে জটিলতার ইঙ্গিত পাওয়ায় জরুরি ভিত্তিতে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দুই দফায় তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিত মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। শুক্রবার তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।





































