
ফাইল ছবি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আজ রোববার (১৫ মার্চ) পাওয়া যাচ্ছে আগামী ২৫ মার্চের টিকিট। এরপর পর্যায়ক্রমে ১৬ মার্চ পাওয়া যাবে ২৬ মার্চের টিকিট, ১৭ মার্চ মিলবে ২৭ মার্চের টিকিট, ১৮ মার্চ মিলবে ২৮ মার্চের টিকিট এবং ১৯ মার্চ সংগ্রহ করা যাবে ২৯ মার্চের অগ্রিম টিকিট।
যাত্রীদের ভোগান্তি কমাতে এবারের ঈদযাত্রার শতভাগ টিকিটই বিক্রি করা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে। টিকিট কেনার প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করতে অঞ্চলভেদে দুই ভিন্ন সময়ে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সেই অনুযায়ী পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে উন্মুক্ত করা হচ্ছে। মূলত সার্ভারের ওপর চাপ কমিয়ে সাধারণ যাত্রীদের টিকিট প্রাপ্তি নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।









































