
১৮ দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৫৭ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় গত ১৮ দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৫৭ ফ্লাইট বাতিল হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বাতিল করা হয়েছে ২৬টি ফ্লাইট।
বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এতে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে একের পর এক ফ্লাইট বাতিল করা হয়। আজ ২৬টিসহ গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৫৫৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর ফলে শাহজালাল থেকে একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে।
আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট রয়েছে।









































