
ছবি: সংগৃহীত
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরা জেলার কয়েকটি গ্রামে আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সকালে উৎসবমুখর পরিবেশে আহলে হাদিসের একটি অংশের মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া বাউখোলা গ্রামের একটি মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মহব্বত হোসেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ ছাড়া জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী এবং তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নেও পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। এসব জামাতে অংশ নেওয়া মুসল্লিরা নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও আহলে হাদিসের একটি অংশ বিশেষ গণনা ও সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদ উদযাপন করে আসছে। সেই ধারাবাহিকতায় আজ তারা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।
অন্যদিকে, সাতক্ষীরা জেলার অধিকাংশ এলাকায় চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামীকাল শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মুসল্লিরা ঈদের চূড়ান্ত কেনাকাটা ও আনন্দ উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।





































