শুক্রবার । মার্চ ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২০ মার্চ ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
শেয়ার

মধ্যপ্রাচ্যে অস্থিরতার মাঝেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম


oil

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। শুক্রবার (২০ মার্চ) বৈশ্বিক তেলের মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০৮ ডলারে নেমে এসেছে। একইভাবে মার্কিন মানদণ্ড ‘ডব্লিউটিআই’ ১ দশমিক ১ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৪ দশমিক ৬ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি সাম্প্রতিক আশ্বাস তেলের দাম স্থিতিশীল করতে বড় ভূমিকা রেখেছে। নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের প্রধান জ্বালানি কেন্দ্রগুলোতে পুনরায় হামলা না চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে তারা ইতিবাচক সাড়া দেবেন। এই ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

উল্লেখ্য, এর আগে ইরানের ‘সাউথ পার্স’ গ্যাস ফিল্ডে ইসরায়েলি হামলার পর পাল্টা জবাব হিসেবে ইরান বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেন্দ্র কাতারের ‘রাস লাফান’-এ হামলা চালায়। এই পাল্টাপাল্টি হামলার জেরে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে গিয়েছিল।

তবে বর্তমান দাম কিছুটা কমলেও দীর্ঘমেয়াদী সংকটের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না প্রভাবশালী বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। ব্যাংকটির বিশ্লেষকরা গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) এক নোটে ইঙ্গিত দিয়েছেন যে, তেলের এই উচ্চমূল্য ২০২৭ সাল পর্যন্ত স্থায়ী হতে পারে।

তাদের মতে, অতীতে বড় ধরনের সরবরাহ ঘাটতির অভিজ্ঞতায় দেখা গেছে, দীর্ঘমেয়াদী বিঘ্ন ঘটলে তেলের দাম ১০০ ডলারের ওপরেই থেকে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে।